লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় মো. সাকিব ব্যাপারী (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের ছেলে। তিনি সদ্য ঘোষিত ফলাফলে রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে আলিম পাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাকিব। তিনি পদ্মা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাকিব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা রামগঞ্জের প্রধান সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।