Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় রাতভর পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৮৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৫:২০

গ্রেফতারকৃতদের একাংশ।

কুমিল্লা: কুমিল্লায় অপরাধ দমন, শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশের তথ্যমতে, অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে শ্রমিক অসন্তোষে উসকানিদাতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদকসংশ্লিষ্ট অপরাধীদের তৎপরতা রোধে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। যেসব এলাকায় উঠতি বয়সি বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানও অভিযানের আওতায় আনা হয়।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ আরও জানায়, কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

জেলা পুলিশের দাবি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর