ঢাকা: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় গাজীপুরের বাসন থানায় হামলার ঘটনা ঘটে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোটা নিয়ে হানা দিলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
গাজীপুরের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ সারাবাংলাকে বলেন, আজ সকালে হঠাৎ করে পোশাক শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা করে। এতে থানার থাই গ্লাসসহ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় আসে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে টিয়ালশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।