ঢাকা: ৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মো. সালাহউদ্দিন রিপন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি সালাহউদ্দিন রিপনকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ এবং দায়দেনার বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ২৩ জুন তিনি কমিশনে সম্পদ বিবরণী জমা দেন। বিবরণীতে তিনি প্রায় ৪১ কোটি ৯২ লাখ টাকার স্থাবর ও ৪ কোটি ২৮ লাখ টাকার অস্থাবর সম্পদ ঘোষণা করেন এবং ৬ কোটি ৩৬ লাখ টাকার দায়দেনা দেখান। দায়দেনা বাদ দিয়ে তার নিট সম্পদের পরিমাণ দেখানো হয় প্রায় ৩৯ কোটি ৮৪ লাখ টাকা।
তবে দুদকের যাচাইয়ে ২০০৭-০৮ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য বৈধ আয় পাওয়া যায় ৮ কোটি ৫৪ লাখ টাকা। একই সময়ে পারিবারিক ও অন্যান্য খাতে তার ৪ কোটি ২৩ লাখ টাকা ব্যয় বাদ দিলে বৈধ সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ টাকা। অন্যদিকে তার নিট সম্পদের পরিমাণ প্রায় ৩৯ কোটি ৮৪ লাখ টাকা হওয়ায়, বৈধ সঞ্চয় বাদ দিয়ে ৩৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
এ ছাড়া সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের উৎস হিসেবে ব্যবসার যে আয়ের কথা বলা হয়েছিল, অনুসন্ধানে তার সত্যতা পাওয়া যায়নি। দুদকের অভিযোগ, অসৎ উপায় ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বৈধ করতে ব্যবসার আয় দেখিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ: ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৭:১৯
৪ নভেম্বর ২০২৬ ১৭:১৯