যশোর: যশোরের মনিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬৫) নামে এক মাছ-ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় মুক্তেশ্বরি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মণ্ডল পাশ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরণপুর এলাকার হরিপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় নদীর পানিতে একটি বস্তা পড়ে থাকতে দেখে। পরে বস্তার কাছাকাছি গিয়ে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের স্ত্রী বিউটি মণ্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন মণ্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। আজ সকালে পুলিশের কাছ থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা। নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অপহরণের করে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে।
মনিরামপুর সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’