ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির বর্ণাঢ্য র্যালিতে নেতা-কর্মীদের সঙ্গে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেওয়া তারেক রহমান পুরো পথ একটানা হেঁটে অতিক্রম করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। আশপাশের উঁচু ভবনগুলোর ছাদ ও বারান্দায়ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে র্যালির যাত্রা শুরু করেন তারেক রহমান। র্যালিটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।
প্রধানমন্ত্রীকে পুরো পথ একটানা হেঁটে যেতে দেখা গেলেও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে এক পর্যায়ে ক্লান্ত মনে হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা তার সামনে ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘এভাবে প্রধানমন্ত্রীর টানা হাঁটার দৃশ্য বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। গণতন্ত্র বিনির্মাণের অভিযাত্রায় এটি দেশবাসীকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘এর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন।’
আতিকুর রহমান রুমন বলেন, ‘পুরো পথে কোথাও প্রধানমন্ত্রীর হাঁটার ছন্দপতন ঘটেনি। একটানা হেঁটে গেছেন। অন্য নেতাদেরও বলেছেন, হাঁটেন।’
র্যালির সময় তারেক রহমানের পরনে ছিল সাদা হাফহাতা শার্ট, ধূসর রঙের প্যান্ট এবং পায়ে নেভি ব্লু রঙের কেডস।
র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
এর আগে দুপুর ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তাদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে র্যালিতে অংশ নেন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন জনসভা ও সমাবেশে বক্তব্য দিলেও বিএনপির কোনো র্যালিতে এবারই প্রথম অংশ নিলেন তিনি।