Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৫:৩৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৭:১৩

জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এ সমস্যার সমাধানের দায়িত্বও দেশটিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

একই সঙ্গে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সংকট বাংলাদেশের জন্য একদিকে মানবিক বিবেচনার বিষয়, অন্যদিকে দেশের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। শুধু চাপ প্রয়োগ করে কিংবা জোর করে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠিয়ে দিলেই সংকটের সমাধান হবে না। তাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরার পরিবেশ নিশ্চিত করতে হবে।’

আসাদুজ্জামান বলেন, ‘প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এসব অধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা জরুরি।’

রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে একটি জাতীয় কমিটি রয়েছে। কীভাবে সমস্যাটির সমাধান করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে বেগম খালেদা জিয়ার সরকার এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় যে পথ অনুসরণ করেছিল, বর্তমান সরকারও সেই পথ ধরে এগোচ্ছে। এ প্রক্রিয়ার মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটকে যৌক্তিক পরিণতির দিকে নেওয়া সম্ভব বলে সরকার মনে করে।’

সংলাপে নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদ সঞ্চালনা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ সুফিউর রহমান।

বিজ্ঞাপন

প্রথম ধাপে ১ হাজার ইউপিতে ভোট
৮ নভেম্বর ২০২৬ ১৭:০৮

আরো

সম্পর্কিত খবর