Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১২:৩১

দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের সংগঠক হিসেবে পাঁচ দশকের বেশি সময় ধরে সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির পথচলায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেও সামলেছেন শীর্ষ দায়িত্ব। দেশের ক্রীড়াঙ্গনের সেই পরিচিত মুখ আর নেই। ৭৭ বছর বয়সে সোমবার দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। গত কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মরদেহ নেওয়া হবে তাঁর জন্মস্থান লক্ষ্মীপুরে। স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

স্বাধীনতার পর দেশের ফুটবলের বিকাশে যাঁরা সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন, তাঁদের অন্যতম হারুনুর রশীদ। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং দেশের ফুটবলে আবাহনীকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে আবাহনী লিমিটেড হলেও ক্লাবটির সঙ্গে তাঁর সম্পৃক্ততা অটুট ছিল।

বাফুফেতেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। পাঁচবার সংস্থাটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। একাধিকবার দায়িত্ব পালন করেছেন নির্বাহী কমিটির সদস্য হিসেবেও। এ ছাড়া ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন।

দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। কাজ করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।

জাতীয় ক্রীড়া পুরস্কারেও ভূষিত হয়েছেন হারুনুর রশীদ। ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সেরা সংগঠকের সম্মাননা পান তিনি। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দিয়েই এই সম্মাননা দেওয়া হয়। হারুনুর রশীদের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে ও বিএসপিএ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো