Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ডাকাতিয়া বাঁশি’-তে আসছেন তাসনিয়া ফারিণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ১৯:০১

বিরতি ভেঙে নতুন চমক নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ এর পর দীর্ঘ দিন নতুন কাজের সুসংবাদ না দিলেও এবার তিনি ফিরছেন একদম ভিন্ন মেজাজে। ইমরাউল রাফাতের পরিচালনায় চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-তে দেখা যাবে তাকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির পক্ষ থেকে সিরিজের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে দারুণ আলোচনা।

সিরিজটির প্রথম পোস্টারেই দর্শকদের নজর কেড়েছেন ফারিণ। সেখানে তাকে দেখা গেছে বিয়ের সাজে, তবে হাতে রয়েছে পিস্তল যা ইতিমধ্যেই রহস্যের জন্ম দিয়েছে। অন্য পোস্টারগুলোতে ফারিণের সঙ্গে দেখা মেলে এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল এবং পার্থ শেখের, যাঁদের হাতেও রয়েছে বন্দুক। এমন ব্যতিক্রমী পোস্টার আর ব্যতিক্রমী লুক নিয়ে ফারিণ জানান, এটি একটি জমজমাট ডার্ক কমেডি সিরিজ। ওটিটিতে সাধারণত ডার্ক থ্রিলার গল্পের আধিক্য দেখা গেলেও, এই কমেডি ঘরানার কাজটি দর্শকদের জন্য বেশ রিফ্রেশিং একটি অভিজ্ঞতা হবে বলে আশা করছেন তিনি। দীর্ঘদিন ধরেই এমন হালকা বা রোমান্টিক ঘরানার কিছু একটা করতে চাইছিলেন এই তারকা। চিত্রনাট্য পড়ার সময়ই তিনি দারুণ উপভোগ করেছেন এবং শুটিংয়ের কাজও বেশ উৎসাহ নিয়ে চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। ওটিটি ক্যারিয়ারে এই প্রথমবার এমন কোনো কমেডি ঘরানার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে বধূ সেজে হাতে বন্দুক ধরার পেছনের আসল রহস্য কী, তা এখনই ফাঁস করতে নারাজ ফারিণ। তার মতে, গল্পে বিয়েবাড়ির নানা মজার ও নাটকীয় ঘটনা রয়েছে, যার কোনো একটির সূত্র ধরেই এই বন্দুক হাতে নেওয়ার দৃশ্য। পুরো রহস্যের জট খুলবে সিরিজটি মুক্তির পরেই।

ওটিটিতে নির্মাতা ইমরাউল রাফাতের এটি প্রথম কাজ। পরিচিত জনারা ডার্ক কমেডি দিয়েই তিনি ওটিটি ভুবনে পা রাখছেন। সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। নাটকীয়তা আর হাসিখুশির আবহে তৈরি এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। বিরতি কাটিয়ে ফারিণের এই নতুন ও ভিন্নধর্মী অবতার দেখার অপেক্ষায় এখন মুখিয়ে আছেন তার ভক্তরা। শিগগিরই চরকিতে মুক্তি পেতে চলেছে ‘ডাকাতিয়া বাঁশি’।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর