Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংঘাত-মুদ্রাস্ফীতি পরিবেশগত প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে’

তুরস্কের আনতালিয়া থেকে উজ্জল জিসান, স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ২১:০৪

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)। ছবি: সংগৃহীত

তুরস্ক: জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সতর্ক করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন যে, বৈশ্বিক পরিবেশ সংরক্ষণকে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অধীন করে রাখা যাবে না। তিনি সতর্ক করে বলেন, ক্রমবর্ধমান সংঘাত এবং মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক পরিবেশগত প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে।

বুধবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ ৩১ সম্মেলনে উদ্বোধনী ভাষণে লুলা বলেন, ‘জি-৭ এবং জি-২০ এর মতো বৈশ্বিক নেতাদের কাছে জলবায়ু পরিবর্তন বিষয়টি অদৃশ্য হয়ে গেছে। তারা যে ফোরামগুলোতে কথা বলে তারা গ্রিনহাউজ গ্যাস নিয়ে কথা বলে না। এই উদ্বেগ এখন নীরবতায় রূপ নিয়েছে।’

বিজ্ঞাপন

​সশস্ত্র সংঘাতের দিকে বৈশ্বিক অগ্রাধিকারের মোড় ঘোরার সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার চেয়ে অস্ত্র এবং শুল্ক নিয়ে বেশি কথা বলতে শুরু করেছি।’

গত বছর ​ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনের পর থেকে বৈশ্বিক গতি শ্লথ হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করেন লুলা। কপ৩০ এ আদিবাসী জনগোষ্ঠী এবং বন রক্ষাকারীরা ঐতিহাসিক গণঅংশগ্রহণ অর্জন করেছিল। তিনি সতর্ক করেন যে, কিছু দেশ ক্রমবর্ধমানভাবে জীবশ্ম জ্বালানির যে রূপান্তর ঘটাচ্ছে তা মানবজাতির নিরাপত্তা ও সমৃদ্ধির পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।

লুলা সতর্ক করেন বলেন যে, যুদ্ধ ও মুদ্রাস্ফীতির তাৎক্ষণিক চাপ সরকারগুলোর জন্য আসন্ন জলবায়ু দুর্যোগগুলোর মুখোমুখি হওয়া আরও কঠিন করে তুলছে, কিন্তু এই গ্রহকে আধিপত্যবাদী লড়াইয়ের দয়ার ওপর ছেড়ে দেওয়া যায় না।

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর চেপে বসা ঋণের বোঝা কমানোর দাবি

কম উন্নত দেশগুলোকে আরও বেশি অভিযোজন অনুদান দিতে হবে এবং জলবায়ু সংকট যাতে সরকারি ঋণ আরও বাড়িয়ে না তোলে, সেজন্য জলবায়ু অর্থায়ন আরও স্বচ্ছ করতে হবে বলে দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, অভিযোজন অর্থায়নের দুই-তৃতীয়াংশের কোনো আনুষ্ঠানিক অর্থপ্রদানের রেকর্ড নেই। পাশাপাশি জলবায়ু অর্থায়নে ঋণের আধিপত্য দেখা দেওয়ায় দায়বদ্ধতা এবং বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

কপ সম্মেলনে গতকাল ‘ব্রেকিং দ্য ক্লাইমেট ডেট ট্র্যাপ: ফাইন্যান্সিং নেচার-স্মার্ট এনার্জি সোভারেনটি’ শীর্ষক একটি যৌথ সংবাদ সম্মেলনে চেঞ্জ ইনিশিয়েটিভ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (সিএএনেসএ) বাংলাদেশ চ্যাপ্টার এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপশা) এই দাবি জানায়।

​আনতালিয়া এক্সপো সেন্টারের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা সমন্বয়কারী মোফাজ্জল হোসেন নবায়নযোগ্য শক্তি সম্পর্কিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

জাকির হোসেন খান বলেন, ‘ক্লাইমেট ডেট অ্যান্ড রিস্ক ইনডেক্স’-এর আওতাভুক্ত ৫৫টি দেশের ঋণের বোঝা মারাক্তক বেড়েছে। শুধু ২০২৩ সালেই এই দেশগুলো বাইরের ঋণ পরিশোধে ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যেখানে ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে তাদের জন্য রেকর্ডকৃত মোট জলবায়ু অর্থায়ন ছিল ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।’

​জাকির আরও জানান, সূচকে রেকর্ড করা জলবায়ু ঋণের ৭৪ দশমিক ৩ শতাংশই মাত্র আটটি দেশের অ্যাকাউন্টে গেছে। বাংলাদেশ, কাবো ভার্দে, কম্বোডিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, সেনেগাল এবং শ্রীলঙ্কা—প্রতিটি দেশই অনুদানের চেয়ে ঋণ হিসেবে বেশি অর্থ পেয়েছে।

​সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫ সালে সরকারি উন্নয়ন সহায়তা  ২৩ দশমিক ১ শতাংশ কমেছে, যা ইতিহাসে সবচেয়ে বড় পতন। ​সংগঠনগুলো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি এবং প্রকৃত অর্থপ্রদানের মধ্যে বড় ধরনের ব্যবধানের বিষয়টি তুলে ধরে। উন্নত দেশগুলো থেকে জলবায়ু অর্থায়ন ২০২২ সালের ১১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪ সালে ১৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছালেও, এই ২০ দশমিক ৮ বিলিয়ন ডলার বৃদ্ধির মধ্যে মাত্র ২ দশমিক ৩ বিলিয়ন ডলার গেছে অভিযোজন খাতে।

​তারা জানান, সরকারি জলবায়ু অর্থায়নের দুই-তৃতীয়াংশই এসেছে ঋণ হিসেবে। অন্যদিকে, অভিযোজন প্রতিশ্রুতির ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার-এর কোনো অর্থপ্রদানের রেকর্ড নেই। ​বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বব্যাংক সমর্থিত একটি উপকূলীয় বাঁধ প্রকল্পে শুরুতে ১ লাখ ৮০০ হেক্টর জমি সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে সেই লক্ষ্য কমিয়ে ৬৬ হাজার ১২ হেক্টরে আনা হয় এবং শেষ পর্যন্ত ৬৫ হাজার ৬৫৭ হেক্টর জমিকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়। ফলে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ৩৫ হাজার ১৪৩ হেক্টর জমি সুরক্ষা থেকে বঞ্চিত হয়।

​জাকির হোসেন খান বলেন, ‘বিশ্বজুড়ে মাত্র চার দিনের সামরিক ব্যয় সারা বছরের পুরো সরকারি অভিযোজন অর্থায়নের সমান।’ তিনি যুক্তি দেন, জি২০ ভুক্ত দেশগুলোর জীবাশ্ম জ্বালানির সরকারি ভতুর্কির ৪০ থেকে ৫০ শতাংশ অন্য খাতে দেওয়া সম্ভব হলে তা দিয়ে অভিযোজনের জন্য প্রয়োজনীয় অনুদানের ব্যবস্থা করা সম্ভব।

​মোফাজ্জল হোসেন বলেন, ‘বিশ্বব্যাপী গ্রীনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম, অথচ ২০০০ সাল থেকে নবায়নযোগ্য শক্তি খাতে দেশটি প্রাপ্ত মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশই ঋণ হিসেবে পেয়েছে।’ ​তিনি জানান, বাংলাদেশের জ্বালানি খাতে প্রাপ্ত ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের মধ্যে  দশমিক ৮৮ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে মাতারবাড়ি ও ভেরামারার মতো কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পেছনে। বর্তমান শর্তাবলী অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির কারণে মাথাপিছু ঋণ ১০৫ ডলারে পৌঁছাবে, যা সব খাত মিলিয়ে বাংলাদেশের বর্তমান জলবায়ু ঋণ (মাথাপিছু প্রায় ৮০ ডলার)-কে ছাড়িয়ে যাবে।

​চেঞ্জ ইনিশিয়েটিভ ‘রিনিউয়েবল এনার্জি সোভারেনটি ফ্যাসিলিটি’ নামে কম উন্নত দেশগুলোর জন্য একটি জাতীয় তহবিল গঠনের প্রস্তাব করেছে, যা অনুদান, গ্যারান্টি এবং নির্দিষ্ট সীমার সরকারি ঋণের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। তারা জানায়, এই ব্যবস্থা ২০২৬-২০৩০ সালের জন্য পরিকল্পিত ৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের সমপরিমাণ নবায়নযোগ্য শক্তি বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি নতুন সরকারি ঋণ ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ০.৮ বিলিয়ন ডলারে নামিয়ে আনবে। এটি ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ঋণ মাথাপিছু ২৪ ডলারে ধরে রাখবে, যা ৭৭ শতাংশ কম।

​জাকির হোসেন খান ২০২৭ সাল থেকে অভিযোজন অনুদানের একটি শুরুর পরিমাণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রার বিষয়ে একমত হতে আহ্বান জানান। তিনি সব জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদনে ঋণ এবং অনুদানকে আলাদা করে দেখানোর এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোকে এখান থেকে বাদ দেওয়ার তাগিদ দেন। তিনি এমন জাতীয় নবায়নযোগ্য শক্তি তহবিল গঠনের আহ্বান জানান যা সরকারি ঋণ না বাড়িয়ে বিনিয়োগ করতে সক্ষম, এবং ২০২৭ সালে বাংলাদেশে এর পাইলট প্রকল্প শুরু করার প্রস্তাব দেন।

‘কম উন্নত দেশগুলোকে দুবার শিকার বানানো যাবে না: প্রথমত জলবায়ু ঝুঁকির মাধ্যমে এবং দ্বিতীয়ত অন্যায্য ঋণের বোঝার মাধ্যমে। মূল কথাটি পরিষ্কার: সরকারি উন্নয়ন সহায়তাকে (ODA) জলবায়ু অর্থায়ন হিসেবে নতুন লেবেল দেওয়া বন্ধ করুন। প্রকৃতি সীমানা বা প্রচারণাকে তোয়াক্কা করে না; এটি কেবল মানুষের বাস্তব কাজের প্রতিক্রিয়া জানায়। বাস্তুতন্ত্র ও মানবজীবন রক্ষায় জলবায়ু অর্থায়ন অবশ্যই অনুদান হিসেবে দিতে হবে’- বলেন তিনি।

জাকির হোসেন আরও বলেন, ‘সমস্যাটি টাকার অভাব নয়; সমস্যা হলো টাকা ভুল পথে আসছে। উন্নয়ন ব্যাংকগুলো বাংলাদেশ সরকারকে ঋণ দেয়, সরকার দেয় রাষ্ট্রীয় সংস্থাকে, আর রাষ্ট্রীয় সংস্থাগুলো ঋণ দেয় বিনিয়োগকারীদের। এই ঋণের চক্র সবাইকে ফাঁদে ফেলে। নবায়নযোগ্য শক্তি কোনোভাবেই সরকারি ঋণ বাড়ানো উচিত নয়।’

​আলোচনায় বক্তারা জলবায়ু ঋণকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঐতিহাসিক দায়িত্বের সাথে যুক্ত করেন।​ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের(টিআই) ব্রাইস বোমার বলেন, ‘জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে।’ তিনি বলেন, ‘দুর্নীতি জলবায়ু নীতিকে বাধাগ্রস্ত ও দুর্বল করে এবং পরিবেশ রক্ষাকারীদের ওপর হামলাকারীদের পার পাইয়ে দিয়ে জলবায়ু সংকটকে আরও ত্বরান্বিত করে।’

​ইপশার বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘উন্নত দেশগুলোর উচিত উন্নয়ন সহায়তা ও ঋণকে জলবায়ু প্রতিশ্রুতি হিসেবে নতুন মোড়কে উপস্থাপন না করে নতুন, অতিরিক্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন প্রদান করা।’

তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোকে অবশ্যই জলবায়ু দায়িত্বকে জলবায়ু ঋণে রূপান্তর করা বন্ধ করতে হবে। উন্নয়ন সহায়তা ও ঋণকে নতুন মোড়কে উপস্থাপন না করে তাদের অবশ্যই নতুন, অতিরিক্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন দিতে হবে।’

​ইউনাইটেড বিয়ন্ড বর্ডারসের সিইও ও প্রতিষ্ঠাতা রুয়া বলেন, ‘তরুণ সমাজ স্থানীয় সম্প্রদায়ের প্রকল্পের জন্য আরও বেশি অনুদানভিত্তিক অর্থায়ন এবং ঐতিহাসিক নির্গমনের জন্য জোরালো জবাবদিহিতা চায়।’

​তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলো প্রায়ই ‘ঋণ’ শব্দটি এড়িয়ে চলে এবং ‘অর্থায়ন’ বলতে পছন্দ করে। কিন্তু, বাস্তবে এটি ঋণই। উন্নত দেশগুলোর শতাব্দীর পর শতাব্দী ধরে করা ধ্বংসের খেসারত দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো, অথচ অর্থায়নের সময় এটাকে ‘যৌথ সমষ্টিগত দায়িত্ব’ বলা হয়।

​সংবাদ সম্মেলন শেষে ইপশার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান সাংবাদিকদের জলবায়ু অর্থায়নের ওপর অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর