ঢাকা: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো- লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।
জানা গেছে, লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস কারখানার প্রায় দুই হাজার শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দিতে কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে তারা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।
এবিষয়ে শ্রমিকরা বলেন, ‘বেতন বাড়ানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে। শুনেছি বেতন বাড়বে, কিন্তু এখনো বাড়েনি। কবে বাড়বে, তারও কোনো ঠিক নেই। আমাদের একটাই দাবি, বেতন না বাড়ানো পর্যন্ত আন্দোলন চলবে।’
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।’
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ আছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’