Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদেরকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৫:৪৯

ঢাকা: বাংলাদেশ খুব ধনী দেশ না হওয়ায় সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে এবং ভবিষ্যতে যে পেশাতেই নিযুক্ত হোক না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির আওতায় দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে এলে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করার উপদেশ দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েই নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক এই পরিদর্শনে অংশ নেন।

এত দূর থেকে বঙ্গভবন সম্পর্কে জানতে আসায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে।’

আলাপচারিতায় রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি জানতে চান। তারা বঙ্গভবনের তোষাখানা এবং চিড়িয়াখানাসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেছে কি না, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি দেশের অনেক গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি সংরক্ষিত রয়েছে উল্লেখ করে তিনি এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও মুক্ত আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতি পার্বত্য জেলা রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে জানান, রাঙ্গামাটি যাওয়ার ইচ্ছা তার আগে থেকেই ছিল এবং সময় ও সুযোগ হলে তিনি অবশ্যই রাঙ্গামাটি সফর করবেন।

পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর