Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরষ্কের আনতালিয়া থেকে মো মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ০৮:২৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ০৮:২৪

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা ও মন্ত্রীরা।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শেষে তুরস্ক সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেন।

সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া তিনি সম্মেলনস্থলের গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়ন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

সারাবাংলা/এমএমএইচ/ এএ