Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে নতুন সম্ভাবনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ০৮:৫১

চাঁপাইনবাবগঞ্জ: একসময় চাঁপাইনবাবগঞ্জে টমেটো চাষ বলতে শীতকালীন উৎপাদনকেই বোঝানো হতো। তবে আধুনিক কৃষিপ্রযুক্তি ও নতুন জাতের উদ্ভাবনে বদলে যাচ্ছে সেই চিত্র। এখন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা গ্রীষ্মকালেও টমেটো চাষ করে সফলতা পাচ্ছেন। এতে স্থানীয় বাজারে টমেটোর সরবরাহ বাড়ার পাশাপাশি কৃষকদের জন্য তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের , বড়পুকুরিয়াসহ কয়েকটি এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন ৮০ জন কৃষক। বারি উদ্ভাবিত হাইব্রিড জাতের মধ্যে মিন্টু ও তানিসা সুপার উল্লেখযোগ্য। এসব জাতের ফলনও ভালো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মো. জহুরুল ইসলাম জানান, গ্রীষ্মকালীন টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায় বাইরে থেকে টমেটো আমদানির ওপর নির্ভরশীলতা কমছে। পাশাপাশি কৃষকেরাও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন।

গ্রীষ্মকালীন টমেটো চাষি আতিক উদ্দিন জানান, এবার তিনি ৩৬ শতক জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ইতোমধ্যে ৫২ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। বাজারে ভারতীয় টমেটো আমদানি না হলে এ জমি থেকে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিচর্যা, উন্নত জাতের ব্যবহার এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে গ্রীষ্মকালীন টমেটো চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য লাভজনক সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় কৃষক আতিক উদ্দিনের টমেটো খেত পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর