Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশ ও জলবায়ু খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর তাগিদ

তুরস্কের আনতালিয়া থেকে মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৫

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ ৩১-এর জাপান প্যাভিলিয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অন্যদিকে জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া।

বিজ্ঞাপন

বৈঠকে প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, জাপানের উন্নত প্রযুক্তি, পণ্যের গুণগত মান, সততা ও কর্মদক্ষতার প্রতি বাংলাদেশের আস্থা রয়েছে। পরিবেশ ও জলবায়ু খাতে জাপানের বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের (জেসিএম) আওতায় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগের কথা জানান। এ ক্ষেত্রে জাপানের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনা ও পানিদূষণ নিয়ন্ত্রণের বিষয়ে ঢাকাসহ আশপাশের নদ-নদীর দূষণ পরিস্থিতি তুলে ধরেন শেখ ফরিদুল ইসলাম। শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে বর্জ্য পরিশোধনাগার স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ চান তিনি। বিশেষ করে শিল্পদূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ সুরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী বছরগুলোতে এ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন।

বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের গ্লোবাল এনভায়রনমেন্ট ব্যুরোর পরিচালক রিউজো সুগিমোতো এবং জেসিএম ও আন্তর্জাতিক কার্বন বাজারবিষয়ক দপ্তরের পরিচালক তোরু তেরাইসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর