ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে আজ রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বিভিন্ন এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
শনিবার (১৪ নভেম্বর) সমিতি থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মূলত ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনকাজের জন্যই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর বা টুমচর ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন এলাকাসূমহ এই কর্মসূচির আওতায় থাকবে। এর মধ্যে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট লাইনগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের দীর্ঘমেয়াদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার এই প্রক্রিয়ায় সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।