Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১০:২৪

সংসদ অধিবেশন। ফাইল ছবি

ঢাকা: সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় বসছে। গত ১০ নভেম্বর শুরু হওয়া চলতি এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এবং এতে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

সংসদ সচিবালয় থেকে প্রকাশিত আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশন শুরু হবে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এবং এর পরেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ও নীতিগত বিষয়ে আলোচনার কথা রয়েছে।

আজকের সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মোট তিনটি বিশেষ নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার প্রস্তাব তুলেছেন। এছাড়া মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারের বর্তমান অনিয়ম নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন। অন্যদিকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের দৈনন্দিন ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

অধিবেশনের আইনগত ও দাফতরিক কাজের অংশ হিসেবে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কিত মন্তব্য উত্থাপনের বিষয়টি আজকের কার্যসূচিতে রাখা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। এর বাইরে গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত চুক্তি দলিলও সংসদে উপস্থাপিত হবে বলে জানা গেছে।

আজকের অধিবেশনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী দেশের অর্থনীতি ও রফতানির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে সাধারণ প্রস্তাব উত্থাপিত হবে। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান এই প্রস্তাবটি উত্থাপন করবেন। এই প্রস্তাবের মাধ্যমে দেশের পোশাক খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের নায্য স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর