Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিএমএইচে চিকিৎসার আবেদন, মাসুদ উদ্দিনের বিষয়ে আদেশ ১৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৪:০৫

ঢাকা: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার অনুমতি চেয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৫ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে জানান, আসামিপক্ষ থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছে। তবে ওই হাসপাতালে কারা কর্তৃপক্ষের অধীনে আসামির নিরাপত্তা নিশ্চিত করার মতো ব্যবস্থা নেই।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারা হেফাজতে থাকা আসামিদের চিকিৎসার ক্ষেত্রে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তাই এসব হাসপাতালের যেকোনো একটিতে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হলে ভালো হবে।

এর আগে, গত ১১ নভেম্বর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরী আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত। পাশাপাশি তার কিডনির জটিলতা রয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। এর সঙ্গে হৃদরোগের সমস্যাও যুক্ত হয়েছে। ফলে তার জন্য বিশেষায়িত ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

আসামিপক্ষের আবেদনে আরও বলা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গত ২৩ অক্টোবর তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী সময়ে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়।

আবেদনে আইনজীবী উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার জটিল রোগগুলোর চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যয়বহুল। কারা কর্তৃপক্ষ চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করে না। অন্যদিকে, মাসুদ উদ্দিন চৌধুরী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ থাকায় চিকিৎসার খরচ বহন করতে আর্থিক সংকটে পড়েছেন তারা।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ থাকায় তাকে সেখানে স্থানান্তরের আবেদন করা হয়েছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতার রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মেজর (অব.) মোজাফফর হোসেন।

আগামী ২৩ নভেম্বরের মধ্যে এই দুই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মোজাফফর হোসেন। তদন্তে এ ঘটনায় দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর