Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আন্তরিক ও শ্রদ্ধাশীল: হুমায়ুন কবির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৪:৪৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমত জানতে চান এক সাংবাদিক।

বিজ্ঞাপন

জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চেনেন। গত দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাদের দেখা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও নতুন দায়িত্ব পেয়েছেন। বসার সময় তার আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। সে কারণেই হয়তো বিষয়টি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না; বরং তার আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতি বা মনোভাবের সম্পর্ক নেই। এটি নিছক বসার অবস্থানজনিত বিষয়। এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক আলোচনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর