ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ৭ দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলম-কে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলম-কে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের এক উপমহাপরিদর্শক (ডিআইজি)। ওই দিন তার ব্যক্তিগত ও দাফতরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দফতরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এদিকে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।