ঢাকা: তথ্য গোপন ও প্রতারণার মাধ্যমে ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘনের দায়ে ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক খন্দকার মুনির উদ্দিনকে পরিচালনা পর্ষদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ঢাকা ব্যাংককেও ৪ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কাছে জালিয়াতির আশ্রয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ব্যাংকটিকে এ জরিমানা করা হয়। অন্যদিকে, শাস্তি ও জরিমানা মওকুফের আবেদন করেছিলেন খন্দকার মুনির উদ্দিন এবং ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে।
ঢাকা ব্যাংকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠি থেকে জানা গেছে, খন্দকার মুনির উদ্দিন একই সময়ে ঢাকা ব্যাংকের পরিচালক এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একই সঙ্গে কোনো ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকা আইন লঙ্ঘনের শামিল।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এ ধরনের গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পর খন্দকার মুনির উদ্দিন শান্তা লাইফ ইন্স্যুরেন্স থেকে পদত্যাগ করেন। তবে আইন লঙ্ঘনের দায়ে তাকে ১ লাখ টাকা এবং ঢাকা ব্যাংককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খন্দকার মুনির উদ্দিনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, এই শাস্তির বিরুদ্ধে খন্দকার মুনির উদ্দিন ও ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ আপিল করেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সেই আপিল খারিজ করে দেয়। এরপরও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তাকে পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়নি। গতকাল পর্যন্ত তিনি ব্যাংকটির পরিচালক পদে বহাল ছিলেন বলে জানা গেছে।
খন্দকার মুনির উদ্দিন ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৫ সালে ব্যবসায়িক জীবন শুরু করা মুনির উদ্দিন রিয়েল এস্টেট ও হোল্ডিং প্রতিষ্ঠান শান্তা হোল্ডিংস লিমিটেড এবং শান্তা গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা (সাবেক অ্যাপোলো হাসপাতাল) ও ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যাংকের পরিচালক হওয়ার শর্ত ব্যাংক কোম্পানি আইনে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এসব শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে কী শাস্তি হবে, তা-ও আইনের নির্দিষ্ট ধারায় বলা আছে। এর ব্যতিক্রম করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে শাস্তির বিরুদ্ধে করা আপিল খারিজ হলে সেই শাস্তি কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান যত প্রভাবশালীই হোক, এ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই।