ঢাকা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে। একইসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহর রহমানকে।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে (বিএ-৪৬৩১) প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে (বিএ-৪২৭১) বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে এবং তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর অপর কর্মকর্তা মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহর রহমানকে (বিএ-৪৪২৩) প্রেষণে বিআইআইএসএস -এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।