ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, ‘রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন ও উত্তরা বিভাগের ২৫ জন রয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেফতার করেছে।’
তিনি জানান, অভিযানকালে দু’টি ছুরি, স্টিলের দু’টি সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দু’টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।