ঢাকা: দেশের নদীভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি বাঁধ মেরামতের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে এ অর্থ বরাদ্দ রয়েছে, যা থেকে দেশের যেকোনো অঞ্চলের নদীভাঙন ও বন্যা প্রতিরোধে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
সংসদে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম-এর পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এ-সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন। প্রশ্নে তিনি উল্লেখ করেন, ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার একটি বিশাল অংশ প্রতিবছর পদ্মা ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে ওই অঞ্চলের মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে। এ অবস্থায় চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয়দের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আগামী বাজেটে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ফরিদপুরের চরাঞ্চল রক্ষায় সরকারের নেওয়া সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেটে ফরিদপুর জেলার জন্য একটি বিশেষ প্রকল্প ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন ‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা। ইতিমধ্যে গত ১১ আগস্ট অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এই প্রকল্পের অনুকূলে প্রয়োজনীয় জনবলের জন্য সুপারিশ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন যে, উল্লিখিত নদীতীর সংরক্ষণ প্রকল্পের অনুকূলে আগামী অর্থবছরের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ১২০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব ধরা আছে। এর পাশাপাশি সারাদেশের নদী তীরবর্তী এলাকাগুলোর সুরক্ষার বিষয়ে তিনি বলেন, দেশের কোনো এলাকায় নদীভাঙন বা বন্যার আশঙ্কা দেখা দিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। চলতি অর্থবছরে বাপাউবোর অনুকূলে বরাদ্দকৃত ১ হাজার ৪০০ কোটি টাকার তহবিল থেকে ফরিদপুর জেলাসহ দেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকার নদীভাঙন ও বন্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।