Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে গালিগালাজের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২০:০৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ২০:০৮

ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন-কে ফোনে গালিগালাজ এবং নিয়োগে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর পল্টন থানার সাবেক আমির শাহিন আহমেদ খানের বিরুদ্ধে। পছন্দের দুই সাবেক ব্যাংক কর্মকর্তাকে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ দিতে তিনি এ চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ফাউন্ডেশনের নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) চলাকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার(১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জহির হোসেন জানিয়েছেন, তিনি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন।

বিজ্ঞাপন

জহির হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুব আলম ও সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আমিনুর রহমানকে ফাউন্ডেশনের জিএম পদে নিয়োগ দিতে তদবির করছিলেন শাহিন আহমেদ খান। এ জন্য নিয়োগ বোর্ডের দায়িত্ব পালনের সময় ফোন করে চেয়ারম্যানকে চাপ দেন তিনি। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল করা হয়।

এ বিষয়ে জহির হোসেন বলেন, ‘সোমবার নিয়োগসংক্রান্ত ভাইভা বোর্ডে দায়িত্ব পালনকালে আমাকে ফোন করা হয়। নিয়োগের বিষয়ে চাপ প্রয়োগের একপর্যায়ে এমন অশালীন ভাষায় গালাগালি করা হয়, যা প্রকাশের অযোগ্য। একটি প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত সিদ্ধান্তে এ ধরনের চাপ ও অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। নিয়োগসহ সব সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া উচিত। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানোর কথা উল্লেখ করে জহির হোসেন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে চলতে থাকলে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাহবুব আলম ও আমিনুর রহমানকে জিএম পদে নিয়োগ দিতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে তদবির চলছিল। তাদের নিয়োগের সুপারিশ ও তদবিরের পেছনে শাহিন আহমেদ খানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ব্যাংকটির চেয়ারম্যানকে এর আগেও হেনস্তার ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা ব্যক্তির ওপর এ ধরনের চাপ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।