নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও মহাদেব থানা পুলিশ সূত্রে জানা যায়, মুকিদ প্রতিবেশী অন্য দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে নির্মাণাধী ভবনের কাছে খেলাধুলা করছিল। এক পর্যায়ে শিশুটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনেরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ‘বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকে কোনো ঢাকনা ছিল না।’
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’