Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবির হলে মাদক সেবন, আটক ৮

চবি করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ২৩:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ২৩:৩৫

উদ্ধার হওয়া নেশাদ্রব্য।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৭ শিক্ষার্থী ও এক অতিথিকে আটক করেছে হল প্রশাসন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। সেই সঙ্গে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ২ শিক্ষার্থীর বিরুদ্ধে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। এ সময় ৭ শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদক সেবনের অভিযোগে শনাক্ত হওয়া ৭ শিক্ষার্থী হলেন- ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাফিউজ জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইয়াজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. মাহাবুব রহমান। এ ছাড়া সেখানে কামরুল ইসলাম নামে একজন অতিথি ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে ৮ জনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে। কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। অ্যাকাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।