বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি তার কার্যক্রমের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে।’
শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, ‘একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরকে এমন পরিবেশ দিতে হবে, যাতে রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই তিনি নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়। দায়িত্ব পালনের স্বাধীনতার পাশাপাশি তার কার্যক্রমের জন্য কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা পদমর্যাদার পরিবর্তে পেশাগত দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি। একইভাবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করতে পারেন।
ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট মোকাবেলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক এ গভর্নর বলেন, ‘এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। এতে আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।’
তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সম্পদ ব্যবস্থাপনার নামে অনিয়ম, স্বার্থের সংঘাত কিংবা অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ বন্ধে শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
ব্যাংকিং খাতের সংস্কারে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, ‘কার্যকর আইন, স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক, স্বচ্ছ পরিচালনা ব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়েই খাতটির কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব। সংস্কার কার্যক্রমে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।’
অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ২০০৪ সালে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি ও খেলাপি ঋণের পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তবে ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান।
তিনি বলেন, ‘যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপ ব্যাংকটির এ পরিস্থিতির অন্যতম কারণ। একবার খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। তাই ঋণ বিতরণের শুরুতেই অনিয়ম প্রতিরোধ, ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই এবং ব্যবস্থাপনার জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।’
তিনি আরো বলেন, ‘ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইচ্ছেমতো ঋণ গ্রহণ করে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। বিশেষ করে ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণের প্রবণতা বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর যে প্রভাব পড়ে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।’
শিল্প খাতের বাস্তবতা তুলে ধরে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ‘নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আগে বাজারের চাহিদা, উৎপাদন সক্ষমতা, শ্রমিকদের দক্ষতা এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা যাচাই করা জরুরি। একই ধরনের শিল্পপ্রতিষ্ঠান প্রয়োজনের অতিরিক্ত গড়ে ওঠায় অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। উৎপাদন ব্যয় ও শ্রমিকদের দক্ষতার ঘাটতিও শিল্পের সক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে কার্যকর শিল্পনীতি, দক্ষতা উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।’
গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক (কী নোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদসহ প্রমুখ।