চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তারা হলেন- আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালানোর পাশাপাশি মাইকিং করে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। দোসররা আগে থেকেই ওত পেতে থেকে এ হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম ওই মিছিলের নেতৃত্ব দেন বলে জানা গেছে। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭-এর সদস্যরা অবস্থান করছেন।