ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার দলটির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে।
প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার এই বিষয়গুলোই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এনসিপির সঙ্গে এই বৈঠক হতে যাচ্ছে।