ঢাকা: সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।
স্ট্যাটাসে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘আজ রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে অতি দ্রুত জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’