Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১২:৩৫

ঢাকা: দেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য হবে বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করা।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার ইতোমধ্যে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে। শিগ্‌গিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে দেশের জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে। এ সময় দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রমশক্তি রপ্তানির ধারা শুরুর জন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন তিনি।

ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদন ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ অথবা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/ এএ
বিজ্ঞাপন

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা
২২ নভেম্বর ২০২৬ ১১:৫৪

যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
২২ নভেম্বর ২০২৬ ১১:১৬

আরো

সম্পর্কিত খবর