ঘরের কোণে বা রোদ-হাওয়া মাখা বারান্দায় রঙিন অর্কিডের থোকা বদলে দেয় আমাদের চারপাশের পরিবেশ। অর্কিড শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে পাহাড়ের কোলে ফুটে থাকা নরম পাপড়ি, আর মনে জাগে সংশয়, দামি ও সংবেদনশীল এই ফুল। সঠিক নিয়ম ও যত্ন জানলে বাড়িতেও অর্কিড অনায়াসে বেড়ে ওঠে এবং ফুল ফোটায়।
আসুন জেনে নেই, কীভাবে ঘরের কোণে ফোটাবেন অর্কিড…
কোন কোন অর্কিড ভালো হয়?
ডেনড্রোবিয়াম (Dendrobium)
ফ্যালেনপসিস (Phalaenopsis)
ভ্যান্ডা (Vanda)
ক্যাটলিয়া (Cattleya)
অনসিডিয়াম (Oncidium)
আলো ও তাপমাত্রার যত্ন
সঠিক আলো: অর্কিড এমন জায়গায় রাখুন, যেখানে ভালো আলো আসে। তবে সবসময় সরাসরি সূর্যের আলো লাগবে, এমন জায়গা বাছার দরকার নেই; কয়েকটি প্রজাতি কৃত্রিম আলোতেও ভালো থাকে। প্রজাতিভেদে আলোর চাহিদা আলাদা, যেমন ফ্যালেনপসিস সাধারণত ঝলমলে, পরোক্ষ আলোয় ভালো থাকে। জানলার ধারে সকালের নরম রোদ এদের জন্য আদর্শ, কিন্তু দুপুরের কড়া রোদে পাতা ঝলসে যেতে পারে। গাছ কেনার সময়ই বিক্রেতার কাছে জেনে নিন, আপনার অর্কিডের কতটা আলো দরকার।
তাপমাত্রা: অর্কিড খুব ঠান্ডা পছন্দ করে না। সাধারণত ১৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের জন্য ভালো। বেডরুমে রাখতে চাইলে জানলার ধারে বা বিছানার পাশের কাউন্টারে রাখুন, যেখানে আলো আসে। যে ঘরে সারাক্ষণ এসি চলে, সেখানে অর্কিড না রাখাই ভালো। আর শীতকালে জানলার ধার থেকে গাছ দূরে রাখুন।
শিকড় ও পাতা দেখে বুঝুন গাছের অবস্থা
অর্কিডের শিকড় ও পাতা সহজেই জানিয়ে দেয় গাছ কেমন আছে:
সবুজ শিকড়: গাছ আলো, হাওয়া ও পানি ঠিকমতো পাচ্ছে। যত্নের নিয়মে কোনও বদল করার দরকার নেই।
সাদাটে বা ধূসর শিকড়: গাছে জল কম পড়ছে, এবার পানি দিন।
বাদামি বা খয়েরি শিকড়: গাছে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে। এতে গোড়া পচে যাওয়ার ঝুঁকি থাকে। তাই শিকড় পানি শুষে না নেওয়া পর্যন্ত আর পানি দেবেন নয়।
পাতা সাদাটে হলে: অতিরিক্ত আলো পড়ছে। কয়েক দিন কম আলোয় রাখুন।
গাঢ় সবুজ পাতা: গাছ আলো যথেষ্ট পাচ্ছে না।
কালো ছোপ বা কালচে ভাব: ব্যাকটিরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে; সারে অতিরিক্ত মিনারেল থাকলেও এমন হয়।
পানি দেয়ার একটি পদ্ধতি: অনেকে ফ্যালেনপসিস অর্কিডের গোড়ায় সপ্তাহে একদিন ২-৩টি বরফের টুকরো দিয়ে রাখেন। ধীরে ধীরে গলা পানি শিকড় শুষে নেয়, ফলে একসঙ্গে বেশি পানি পড়ে না। তবে এই পদ্ধতি সব প্রজাতির জন্য প্রযোজ্য নয়, নার্সারিতে জেনে নিন, আপনার গাছের জন্য এটি উপযুক্ত কি না।
সার ও বিশ্রামের সময়
সার: সার কী ধরনের লাগবে, তা প্রজাতি অনুযায়ী আলাদা। অর্কিডে ফুল ধরতে সময় লাগে, তাই প্রয়োজন না বুঝে ফার্টিলাইজার ব্যবহার করবেন না। মাসে একবার জলীয় দ্রবণীয় NPK সার দিতে পারেন।
পাতা ঝরলে আতঙ্ক নয়: মানুষ বা অন্যান্য প্রাণীর মতো অর্কিডেরও বিশ্রামের সময় থাকে। অনেক সময় সব পাতা ঝরে যায়, কাণ্ডে খয়েরি রং ধরে। এর মানেই গাছ মরে গিয়েছে, তা নয়। আপনি যত্ন করতে থাকুন। মাসের পর মাস অপেক্ষা করতে হতে পারে, কিন্তু অর্কিড আবার ফুল দেবে। এখানে প্রয়োজন কেবল ধৈর্য।
আরও কয়েকটি প্রয়োজনীয় টিপস
মাটির বদলে বিশেষ মিশ্রণ: সাধারণ মাটিতে অর্কিড বাঁচে না। গাছের ছাল, নারকেলের ছোবড়া, স্ফ্যাগনাম মস বা কাঠকয়লার মিশ্রণে অর্কিড বসাতে হয়।
পানি বেরোনোর ব্যবস্থা: টবে ফুটো থাকা জরুরি; গোড়ায় জল জমলে শিকড় পচে যায়।
আর্দ্রতা: অর্কিড কিছুটা আর্দ্র পরিবেশ ভালোবাসে। টবের নিচে পানি-ভরা নুড়ির ট্রে রাখতে পারেন, তবে টবের তলা যেন পানিতে না ডোবে।
নতুন গাছ কেনার সময়: সবুজ, মোটা শিকড় ও চকচকে পাতার গাছ বেছে নিন।
সব মিলিয়ে অর্কিডের যত্ন খুব জটিল নয়, দরকার শুধু সঠিক পরিবেশ, পরিমিত পানি আর একটু ধৈর্য। এই নিয়মগুলো মেনে চললে বারান্দাতেও ফুটে উঠে সৌন্দর্য বাড়িয়ে তুলবে।