কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলায় আবদুল মালেক সর্দার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা বলে জানা গেছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে, রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ।
গ্রেফতার আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আবদুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।