বক্স অফিসে লড়াইয়ে নামতে ভয় পান না তিনি। প্রতিপক্ষ হলিউডের বড় বাজেটের ছবি হলেও আপত্তি নেই। কিন্তু প্রতিদ্বন্দ্বী যদি হন শাহরুখ খান? সেক্ষেত্রে একেবারেই নারাজ সালমান খান! শুধু শাহরুখ নন, সঞ্জয় লীলা বনশালির ছবির সঙ্গেও একই দিনে নিজের ছবি মুক্তি দিতে চান না বলিউডের ‘টাইগার’। আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির দিনক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে নিজেই সেই কথা স্পষ্ট করে দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন, ‘কিং’-এর সঙ্গে বক্স অফিসে সংঘাত এড়াতে চান তিনি। এমনকী, শাহরুখের মেয়ে সুহানা খানও রয়েছেন ছবিতে, ফলে সেই লড়াইয়ে নামার প্রশ্নই ওঠে না তার কাছে!
সম্প্রতি হায়দরাবাদে এক সম্মেলনে নিজের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নানা কথা বলেন সালমান। ছবির মুক্তির তারিখ ঠিক করার নেপথ্যের ভাবনাও তুলে ধরেন তিনি। সালমানের কথায়, শাহরুখের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। তাই সেই ছবির সঙ্গে কোনওভাবেই নিজের ছবির সংঘাত চান না তিনি।
এই প্রসঙ্গে সালমান বলেন, “শাহরুখের ছবি ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। আমি শাহরুখ এবং তার মেয়ে সুহানার সঙ্গে কোনওভাবেই সংঘাতে যেতে চাই না। একেবারেই নয়। তবে ‘অ্যাভেঞ্জার্স’ এবং ‘ডিউন’-এর মতো ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামতে আমার কোনও আপত্তি নেই… কিন্তু শাহরুখের ছবি আমার ছবির এক সপ্তাহ পরে মুক্তি পেলেও আমি সংঘাতে যেতে চাইব না।”
অর্থাৎ, হলিউডের দুই বড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বক্স অফিসে লড়াই করতে প্রস্তুত সালমান, কিন্তু শাহরুখের ক্ষেত্রে সেই মনোভাব একেবারেই আলাদা। উল্লেখ্য, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’— দুটি ছবিই আন্তর্জাতিক স্তরে বড়সড় বক্স অফিস প্রতিযোগিতা তৈরি করতে পারে। তবু তাদের সঙ্গে লড়াইয়ে নামতে আপত্তি নেই ‘ভাইজান’-এর।
শুধু শাহরুখের ‘কিং’ নয়, সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সঙ্গেও সংঘাত এড়াতে চেয়েছেন সালমান। ছবিতে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ২০২৭ সালের ২৬ জানুয়ারি মুক্তির সম্ভাব্য দিন হিসেবে বিবেচনা করেছিলেন তিনি। কিন্তু সেই সময়েই বনশালির ছবির মুক্তির পরিকল্পনা থাকায় পিছিয়ে আসেন সালমান।
সালমানের মন্তব্যে স্পষ্ট, শুধু প্রতিপক্ষের ছবির জনপ্রিয়তা নয়, নিজের ছবির মুক্তির সময়ের ব্যবধান নিয়েও যথেষ্ট সচেতন তিনি। একদিকে শাহরুখ, অন্যদিকে বনশালির মতো পরিচালক—দু’জনের ছবির সঙ্গে সংঘাত এড়িয়ে নিজের ছবির জন্য উপযুক্ত মুক্তির দিন খুঁজতে চেয়েছেন অভিনেতা।