Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে বিটিভি

স্টাফ করেসপন্ডেট
২৩ নভেম্বর ২০২৬ ১৯:৪৮

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকেও এ কার্যক্রম সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

ট্রাইব্যুনাল আগামী ২৪ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওই দিন থেকেই প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

সাফাই সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্রও দাখিল করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর