ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে এই র্যালি শুরু হয়।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বর দিয়ে মহাখালী ও কাকলী অতিক্রম করবে। এরপর কালশী হয়ে মিরপুর-১২ ও ১১ নম্বর ঘুরে পুনরায় মিরপুর-১০ নম্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।
