Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৮:১২

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক কৃষকের কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, ঋণ করে ধান চাষ করে ছিলাম। বৃষ্টির কারণে পাকা ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলাম ঘরে তোলার আশায়। কিন্তু সেই ধান রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমার দেড়খানি জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন লক্ষাধিক টাকা ঋণ কীভাবে পরিশোধ করব, একমাত্র আল্লাহ জানেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ সেজু বলেন, জমির মালিককে খাজনা দিয়ে তার বাবা প্রায় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। বৃষ্টির কারণে জমি থেকে ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছিল। সকালে স্থানীয় কয়েকজন তাদের খবর দেন, ধানের স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা এখন একেবারেই অসহায়। ঋণ করে চাষ করেছি। ফসল ঘরে তোলার আগেই সব পুড়ে শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, তা বুঝতে পারছি না। আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।

স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক রক্সি ঘোষ এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, একজন কৃষকের কষ্টার্জিত ফসল এভাবে পুড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক কাজ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজের ঘৃণ্য মানুষ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ভূপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম সারাবাংলাকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি মামলা দায়েরের সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর