ঢাকা: গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় সংঘর্ষ চলাকালে শ্রমিকরা একটি পুলিশ বক্সে প্রবেশ করে ভাঙচুরসহ কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এবং দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসেন শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক অবরোধ করতে নিষেধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুড়ে তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে তারা মহাসড়কের আশপাশের গলি, বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ফের ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ধাওয়া দেয়। শ্রমিকরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার নিয়ে যায়। সংঘর্ষ চলাকালীন সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা।
অন্যদিকে, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর চালান। এ খবরে আশপাশের অনেক গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নামেন। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এই সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর করে ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।