ঢাকা: নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধের আহ্বানের মধ্য দিয়ে আজ বুধবার (২৫ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই পক্ষ।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়। এরপর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সঙ্গে জড়িয়ে আছে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন সাহসী বোন প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবালের নাম। ১৯৬০ সালের ২৫ নভেম্বর দেশটির স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণে এই তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্বৈরাচার ও সহিংসতার বিরুদ্ধে নারীদের সংগ্রামকে স্মরণ করতেই দিনটিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। ১৯৯৭ সাল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি বাংলাদেশে দিবসটি ও প্রতিরোধ পক্ষ পালন করে আসছে। এ সময় বিভিন্ন নারী সংগঠন, মানবাধিকারকর্মী ও সামাজিক প্রতিষ্ঠান সভা-সমাবেশ, আলোচনা সভা, মানববন্ধন ও প্রচারাভিযানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে।
বাস্তবতা হলো, দেশের নানা প্রান্তে আজও নারীরা পারিবারিক ও সামাজিক সহিংসতার পাশাপাশি কর্মক্ষেত্র ও জীবিকার লড়াইয়ে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত নারীরা যেমন জীবিকা ও নিরাপত্তার সংকটে পড়ছেন, তেমনি শ্রমবাজারে মজুরি বৈষম্য ও অনিরাপদ কর্মপরিবেশের মতো চ্যালেঞ্জও তাদের সামনে রয়েছে। পাশাপাশি গণমাধ্যম ও জনপরিসরে কর্মরত নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সমান কাজের পরিবেশ নিশ্চিত করার প্রশ্নটিও আজ সমানভাবে সামনে আসছে।
সংশ্লিষ্টদের মতে, কেবল দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সারা বছর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়েই নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন অধিকারকর্মীরা।