Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাত খুন মামলার শুনানি শুরু আপিল বিভাগে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১১:১৯

হাইকোর্ট । ছবি : সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় এ মামলা করা হয়েছিল।

বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল একই থানায় আরেকটি মামলা করেন।

দুই মামলার বিচারিক কার্যক্রম একসঙ্গে পরিচালনা শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন নূর হোসেন এবং র‍্যাবের তৎকালীন তিন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া মামলার বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পরে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা থেকে মামলার নথি বিজি প্রেসে পাঠানো হলে সেখানে পেপারবুক প্রস্তুত করা হয়। ২০১৭ সালের ৭ মে পেপারবুক হাইকোর্টে পাঠানো হয়। একই বছরের ২২ মে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ৩৩ কার্যদিবসে উভয়পক্ষের শুনানি শেষে ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ আসামির মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য নয় আসামির কারাদণ্ডও বহাল রাখেন আদালত।

মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা-সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা।

এ ছাড়া, মৃত্যুদণ্ড বহাল থাকা অন্য ১১ জন হলেন র‍্যাবের চাকরিচ্যুত সাবেক হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১-এর এ বি মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়্যব আলী, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ ও সৈনিক তাজুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে রয়েছেন র‍্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহি আসাদুজ্জামান নূর ও সার্জেন্ট এনামুল কবির। বাকি নয়জন নূর হোসেনের সহযোগী হিসেবে পরিচিত মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।

অন্যদিকে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া নয় আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর এবং এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এ ছাড়া এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল থাকে।

 

 

 

 

সারাবাংলা/টিএম/ এএ