ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং সমবায়ের মাধ্যমে প্রান্তিক ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এএম মাহবুব উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকট অনুষ্ঠিত হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম থেকে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একইসঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের পরিচিতি, বর্তমান কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে কমিটি দেশের গ্রামীণ ও শহরাঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন, সর্বস্তরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ এবং নগর ও শহর অঞ্চলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেয়। এছাড়া মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা আরও সুদৃঢ় করা এবং স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশাসনিক কাজে গতিশীলতা ও শতভাগ দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ এবং জাতীয় সংসদে দেওয়া জনগুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। কমিটি উল্লেখ করে যে, গ্রামীণ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে নিরাপদ পানি ও জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো নাগরিক জীবনের প্রতিটি মৌলিক ও অপরিহার্য সেবা সরাসরি স্থানীয় সরকার বিভাগ পরিচালনা করে থাকে। তাই মানুষের জীবনমান উন্নয়নে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা, সমবায় আন্দোলনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সমন্বিত পল্লী কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি।
অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম এবং নূরুন্নিসা সিদ্দীকা অংশগ্রহণ করেন। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।