ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনার-এর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বে আঘাত, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে ডরিনের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় তারা খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের সত্যতা পায়। পরে সেখান থেকে লাল টেপ মোড়ানো কৌটার মুখের পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলাতেই ডরিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।