একটি গবেষণাকেন্দ্র আছে, গবেষণা নেই। কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, ভবন আছে, জমি আছে, সরকারি বরাদ্দ আছে, বিল ভাউচারও আছে। শুধু নেই গবেষণার দৃশ্যমান ফলাফল, কৃষকের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের তৎপরতা। আরও বিস্ময়কর, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ, অথচ প্রশিক্ষণ খাতে ৭৭ হাজার টাকা ব্যয়ের হিসাব রয়েছে। তাহলে প্রশিক্ষণ পেলেন কারা? প্রশিক্ষণ দিলেন কাদের? কোথায় হলো সেই আয়োজন? সরকারি কাগজে যদি প্রশিক্ষণ হয়ে থাকে, বাস্তবে তার কোনো অস্তিত্ব না থাকে, তবে সেটি নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, গুরুতর আর্থিক অনিয়মের আশঙ্কাও তৈরি করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব আঞ্চলিক পাট গবেষণা উপকেন্দ্র নিয়ে প্রকাশিত সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদন আমাদের এমনই অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
২৬ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক কালের কণ্ঠে সাংবাদিক রাসেল আহমেদের প্রকাশিত প্রতিবেদনটি পড়ে আমি বিস্মিত হইনি, বরং দীর্ঘদিনের পরিচিত একটি বাস্তবতারই যেন লিখিত প্রতিফলন দেখেছি। তারাব এলাকার এই গবেষণাকেন্দ্রের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বহুদিনের। আমিও দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষ, কৃষি ও শিল্পের পরিবর্তন কাছ থেকে দেখেছি। যে প্রতিষ্ঠানের নাম গবেষণাকেন্দ্র, সেখানে গবেষণার দৃশ্যমান অগ্রগতি, কৃষকদের সঙ্গে যোগাযোগ কিংবা নতুন উদ্ভাবনের তৎপরতা চোখে পড়ার কথা, সেখানে বছরের পর বছর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। অথচ সরকারি বরাদ্দ ও ব্যয়ের হিসাব ঠিকই চলছে। এ কেমন গবেষণা, যেখানে গবেষণার চেয়ে প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষাই বড় হয়ে দাঁড়িয়েছে?
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের এই উপকেন্দ্রের আওতায় নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও গাজীপুর জেলা রয়েছে। কর্মকর্তা কর্মচারী মিলিয়ে প্রায় ২০ জন কাজ করেন। তাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধায় বছরে আনুমানিক ৮০ লাখ টাকা ব্যয় হয়। বিদ্যুৎ, জ্বালানি, গবেষণা প্লটসহ অন্যান্য খাতে আরও প্রায় ৩০ লাখ টাকা খরচের হিসাব রয়েছে। সব মিলিয়ে প্রতিবছর এক কোটি থেকে এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের তথ্য উঠে এসেছে। প্রশ্ন হচ্ছে, এত টাকা ব্যয়ের বিপরীতে দেশের পাট গবেষণায় এই কেন্দ্রের অর্জন কী? কতটি নতুন জাত উদ্ভাবিত হয়েছে? কতজন কৃষক উপকৃত হয়েছেন? কোন প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছেছে? চার জেলার কৃষির উন্নয়নে এই প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট অবদান কী? জনগণ এসব প্রশ্নের উত্তর জানতে চায়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া না হলেও প্রশিক্ষণ খাতে ৭৭ হাজার টাকা ব্যয়ের তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। যেসব প্রদর্শনী কেন্দ্রের কথা বলা হয়েছে, স্থানীয়ভাবে সেগুলোর অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। একজন কৃষক জানিয়েছেন, তিনি জীবনে এই গবেষণাকেন্দ্রের নামই শোনেননি। অথচ তাঁর এলাকায় একসময় পাটের চাষ হতো। আজ সেখানে পাটের জমি নেই, কিন্তু সরকারি নথিতে প্রদর্শনী ও গবেষণার কার্যক্রমের হিসাব রয়েছে। টেলিফোন না থাকলেও টেলিফোন বিল, কার্যক্রমের প্রচার না থাকলেও প্রচার ব্যয়, ব্যবহার নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও জ্বালানি ও মোটরযান মেরামতের হিসাব—এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ আর প্রমাণ এক বিষয় নয়। তবে এমন অভিযোগের পেছনে সত্যতা থাকলে তা কোনোভাবেই ছোটখাটো প্রশাসনিক অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই।
পাট বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় সোনালি আঁশের জন্য বাংলাদেশ বিশ্বজুড়ে পরিচিত ছিল। পাটকল, পাটের বাজার, পাট ব্যবসা এবং পাটচাষকে কেন্দ্র করে অসংখ্য মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছিল। নারায়ণগঞ্জেও একসময় ১৬টি পাটকল চালু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ চারটি ক্ষুদ্র পাটকল ছাড়া অধিকাংশ বন্ধ। রূপগঞ্জের কাছাকাছি ডেমরা এলাকার পাটকলও বন্ধ হয়ে গেছে। একসময় যে অঞ্চলে পাটশিল্পের প্রাণচাঞ্চল্য ছিল, সেখানে এখন পাটের চাষ কমেছে, শিল্পের কর্মসংস্থান কমেছে, অথচ পাট গবেষণার নামে একটি প্রতিষ্ঠান আগের কাঠামোতেই টিকে আছে। এ যেন বাস্তবতার সঙ্গে বিচ্ছিন্ন এক সরকারি আয়োজন।
কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য আরও ভয়াবহ পরিবর্তনের চিত্র তুলে ধরে। রূপগঞ্জে দুই দশক আগে যেখানে প্রায় ৬০০ হেক্টর জমিতে পাট চাষ হতো, এখন তা কমে প্রায় ৬০ হেক্টরে নেমেছে। আড়াইহাজার ও সোনারগাঁওয়ের কিছু এলাকায় এখনো পাট চাষ হয়। কিন্তু তিনটি উপজেলায় একসময় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে পাট চাষ হলেও বর্তমানে তা প্রায় ৪০০ হেক্টরের কাছাকাছি। এই পতনের পেছনে জমির ব্যবহার পরিবর্তন, শিল্পায়ন, আবাসন, বালু ভরাট, কৃষিশ্রমিকের সংকট, পাটের বাজার ও ন্যায্যমূল্যের অনিশ্চয়তা রয়েছে। এসব সমস্যা সমাধানে গবেষণাকেন্দ্রের ভূমিকা থাকার কথা ছিল। কোন জমিতে কোন জাতের পাট ভালো হবে, কম সময়ে বেশি ফলন কীভাবে পাওয়া যাবে, পাট পচানোর আধুনিক পদ্ধতি কী, রোগবালাই কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কৃষকের উৎপাদন খরচ কীভাবে কমানো যায় এসব নিয়ে গবেষণা হওয়ার কথা। অথচ সেই গবেষণার বাস্তব ফল কোথায়?
একটি গবেষণাকেন্দ্র শুধু ভবন, কর্মকর্তা, কর্মচারী ও সরকারি বরাদ্দ দিয়ে প্রতিষ্ঠিত হয় না। তার সার্থকতা নির্ধারিত হয় গবেষণার ফলাফল দিয়ে। একটি নতুন জাত উদ্ভাবন, একটি কার্যকর প্রযুক্তি আবিষ্কার, কৃষকের উৎপাদন ব্যয় কমানো কিংবা ফসলের উৎপাদন বাড়ানো এসবই গবেষণার প্রকৃত সাফল্য। কৃষক যদি গবেষণাকেন্দ্রের নাম না জানেন, কৃষি কর্মকর্তারা যদি তাদের কার্যক্রম সম্পর্কে অবগত না থাকেন, স্থানীয় মাঠে যদি গবেষণার দৃশ্যমান প্রমাণ না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। চারটি জেলার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কৃষি দপ্তরগুলোর নিয়মিত সমন্বয় না থাকার অভিযোগও অত্যন্ত হতাশাজনক।
এখানে সরকারের কাছে কয়েকটি জরুরি প্রশ্ন রাখতে চাই। এই কেন্দ্রের গত দশ বছরের গবেষণা প্রতিবেদন কোথায়? কোন কোন গবেষণা প্রকল্প বাস্তবায়িত হয়েছে? কত টাকা বরাদ্দ হয়েছে এবং তার বিপরীতে কী অর্জন হয়েছে? কতজন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁদের তালিকা কোথায়? প্রদর্শনী প্লটগুলো বাস্তবে কোথায় এবং সেখানে কী ফলাফল পাওয়া গেছে? প্রশিক্ষণ, প্রচার, জ্বালানি ও অন্যান্য খাতে ব্যয়ের প্রতিটি হিসাব কি যাচাই করা হয়েছে? এসব প্রশ্নের উত্তর শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে নিলেই হবে না। স্বাধীন তদন্ত ও মাঠপর্যায়ের যাচাই প্রয়োজন।
আমার মতে, তারাব পাট গবেষণা উপকেন্দ্র নিয়ে সরকারের এখনই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা উচিত। কৃষি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট গবেষণা বিশেষজ্ঞদের সমন্বয়ে গত দশ বছরের বরাদ্দ, ব্যয়, গবেষণা কার্যক্রম ও অর্জন নিরীক্ষা করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কেন্দ্রটির প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করতে হবে। যদি এখানে গবেষণার বাস্তব সুযোগ থাকে, তাহলে আধুনিক পরীক্ষাগার, দক্ষ গবেষক, মাঠপর্যায়ের গবেষণা এবং কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে হবে। আর যদি বর্তমান অবস্থানে এ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা বাস্তবসম্মত না হয়, তাহলে শুধু কিছু পদ ও দপ্তর টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই। প্রয়োজন হলে কেন্দ্রটিকে এমন স্থানে স্থানান্তর করতে হবে, যেখানে পাট চাষ, কৃষক ও গবেষণার বাস্তব পরিবেশ রয়েছে।
পাটের ভবিষ্যৎ শুধু অতীতের গৌরব দিয়ে রক্ষা করা যাবে না। পরিবেশবান্ধব পাটপণ্য, বহুমুখী ব্যবহার, পাটের জিনোম গবেষণা, উন্নত বীজ, আধুনিক পচন প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উদ্ভাবনে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। প্লাস্টিক দূষণ কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় পাট হতে পারে আমাদের বড় অর্থনৈতিক শক্তি। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণাকেন্দ্রগুলোকে সত্যিকারের গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। শুধু নামফলকে গবেষণা থাকলে চলবে না, গবেষণার ফল কৃষকের জমিতে পৌঁছাতে হবে।
একটি বিষয় মনে রাখা জরুরি, সরকারি চাকরি মানুষের জীবিকার অধিকার, কিন্তু সেই চাকরির বিনিময়ে দায়িত্ব পালনও বাধ্যতামূলক। রাষ্ট্রীয় কোষাগারের টাকা কোনো ব্যক্তির ব্যক্তিগত সুবিধার জন্য নয়। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তারাবের এই ঘটনা তাই শুধু একটি গবেষণাকেন্দ্রের সমস্যা নয়, এটি আমাদের প্রশাসনিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনারও আয়না।
পাটের মাঠ হারিয়ে যাচ্ছে, পাটকল বন্ধ হচ্ছে, কৃষক পাট চাষ থেকে সরে যাচ্ছেন। অথচ গবেষণাকেন্দ্রের ভবন, পদ ও বাজেট বহাল থাকছে। এই বৈপরীত্য আর কত দিন চলবে? সরকার কি গবেষণার ফল দেখতে চায়, নাকি শুধু গবেষণাকেন্দ্রের নামটি টিকিয়ে রাখতে চায়? এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ রাষ্ট্রের অর্থে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখাই সাফল্য নয়, জনগণের জীবনে তার ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্য। পাটের গবেষণা ফিরুক মাঠে, সরকারি অর্থের হিসাব আসুক জনগণের সামনে।
লেখক: সাংবাদিক, কলামিস্ট