চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে টানা কয়েকদিনের অভিযানে দু’টি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা পিস্তলটি ইতালিতে তৈরি, যা রায়হান নিজে ব্যবহার করতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেফতারকৃতরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইখতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। পরে ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে শটগানের কার্তুজ, খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পাহাড়ে পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার সময় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করে। এ সময় রায়হান ও তার সহযোগীরা গুলি ছুঁড়লে ছয়জন আহত হয়। পরে স্থানীয় লোকজন রায়হানের সহযোগী ও সিএনজি অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।
পুলিশ সুপার আরও জানান, ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইখতিয়ার ফরহাদকে গ্রেফতার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি মো. মাসুদ আলম বলেন, ‘বন্দুকটি এজাহার মিয়া এবং গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল। পরে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড়ো বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে গ্রেফতার করা হয়। রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিলেন। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যান। এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্দন দে নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা যায়নি।’