যশোর: যশোরে বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবি ৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এসব সোনার বার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবির ১ নম্বর গেইটের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে। এতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা তিনজনের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার পাওয়া যায়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত সোনার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। মামলা দায়েরপূর্বক আটককৃতদের যশোর কোতওয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।