ঢাকা: বাংলাদেশ ও জার্মানির মধ্যকার উন্নয়ন সহযোগিতার বিষয়ের আলোচনা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি২জি) আলোচনায় এই বিষয়ে গুরুত্ব পায়।
শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বার্লিনে জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাতহফের সঙ্গে এক বৈঠক করেন।
বৈঠকে জলবায়ু বিষয়ক পদক্ষেপ, কপ৩১ ও জলবায়ু অর্থায়ন; রোহিঙ্গা সংকট, প্রয়োজনীয় সম্পদের ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপ; প্রযুক্তি ও জ্ঞান বিনিময়; এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নসহ অর্থনৈতিক বৈচিত্র্যায়নের মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী ইসলাম অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ‘সৃজনশীল অর্থনীতি’ বিষয়ক উদ্যোগ, শিক্ষা ও নারীদের জন্য বর্ধিত বাজেট বরাদ্দ এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কার্যক্রম।
সংসদীয় সচিব সাতহফ বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
তিনি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।