Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপুল পরিমাণ টাকা-স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ০০:১৩

বরিশাল: পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক করেছেন বরিশালের শিক্ষার্থীরা। এগুলো নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে পরিবারসহ যাচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকায় সড়কের শৃঙ্খলারক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা গাড়িতে তল্লাশি করে টাকা ও স্বর্ণালংকার পান।

খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তরা এসে তাকে কোতোয়ালি থানায় নিয়ে গেছেন। হারুন অর রশিদকে সপরিবারে থানায় বসিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার পরিমাণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তবে রাতের মধ্যে পুলিশ থানায় ফিরবে বলে সেনা সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সবধরনের গাড়ি তারা চেক করেন। বিকেল সাড়ে ৫টার দিকে কালো রঙের একটি প্রাইভটকার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দূর থেকে তিনি (আয়াত উল্লাহ) লক্ষ্য করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পরে শিক্ষার্থীরা বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারণা, সেখানে কমপক্ষে ২০ লাখ টাকা হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ দাবি করেন, তার শ্বশুরবাড়ির জমি বিক্রির পর স্ত্রী উত্তরাধিকার সূত্রে ওই টাকা ভাগ হিসেবে পেয়েছেন। কিন্তু দেশের অবস্থা ভালো না থাকায় তা ব্যাংকে জমা দেওয়া হয়নি। ওই টাকা নিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। এখানে কোনো অনৈতিক কাজের টাকা নেই বলে দাবি করেন তিনি। আর যে স্বর্ণালংকার রয়েছে তা তার স্ত্রী ব্যবহার করেন। বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ তিনি যশোরের বাড়িতে যাচ্ছেন।

বরিশালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাশেদ বলেন, ‘ওই ব্যক্তি নিজেকে পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দিলে আমরা তাকে কোতোয়ালি থানায় পাঠিয়েছি।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি
১১ নভেম্বর ২০২৬ ০৯:২৫

আরো