ঢাকা: সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- আব্দুল জব্বার ভুঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক।
মঙ্গলবার (১৩ আগস্ট) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের নয় আইনজীবী।
আইন মন্ত্রণালয় আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগ পাওয়া ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম, রেদওয়ান আহম্মেদ রানজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন। এতে পদ শূন্য হয়ে পড়ে। আজ এই শূন্য তিন পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী গত ১০ আগস্ট রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এরপর ১২ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। এই চারজনকে নিয়োগের মধ্যে দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ছয় জনে।