গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ১৭ ঘণ্টা পর আশামনি (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আশামনিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় লোকজন ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় রাজা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (৩০ আগস্ট) রাত আটটার দিকে বিদ্যুতের লোডশেডিং হলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের কিশোরী মেয়ে আশামনি অন্যদের সঙ্গে বাড়ির বাইরে বের হয়। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এ অবস্থায় শনিবার (৩১ আগস্ট) দুপুরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজন ও প্রতিবেশীরা। গোবিন্দগঞ্জ থানায় সংবাদ পাঠালে পুলিশ সেখান থেকে বিকেলে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম.আসাদুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের পর কিশোরীটিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় দীর্ঘদিন ধরে কিশোরী আশামনিকে বিভিন্নভাবে উত্যক্ত করায় অভিযুক্ত প্রতিবেশী রাজা মিয়ার ছেলে মাসুদকে (১৯) হত্যাকারী হিসেবে নিহতের স্বজনরা অভিযোগ করায় পুলিশ রাজা মিয়াকে আটক করে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা অভিযুক্তের পিতাকে আটক ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।